সিলেটটুডে ডেস্ক | ১২ নভেম্বর, ২০১৬
দেশে নাস্তিকদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এজন্যে তিনি নাস্তিকদের খুঁজে বের করার আহবান জানিয়েছেন।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে ওঠবস করানোর রেশ না কাটতেই এমন মন্তব্য করলেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের এ সাংসদ। ওই ঘটনায় তিনি এর আগে দেশব্যাপী সমালোচিত হয়েছিলেন।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, ‘ধর্মে ধর্মে কোনও বিরোধ নেই। বিরোধ রয়েছে কিছু ধর্মবিরোধী উগ্র নাস্তিকদের সঙ্গে। যাদের ঈমান নাই তারা নাস্তিক। এদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘নাস্তিকদের খুঁজে বের করেন। যারা উচ্ছৃঙ্খল ও ধর্ম মানে না তাদের চিহ্নিত করুন।’
তিনি আরও বলেন, ‘আমাদের গোপনে নাস্তিকদের বিষয়ে জানান, প্রয়োজনে ওইসব এলাকায় সভা করে তাদের ফিরিয়ে আনবো। তাহলেই সারাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে।’
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটির সমন্বয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। এতে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কুতুবউদ্দিন আকসির প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ মে বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে উঠবস করিয়ে তুমুল সমালোচিত হন সংসদ সদস্য সেলিম ওসমান।