সিলেটটুডে ডেস্ক | ১৩ নভেম্বর, ২০১৬
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা ও কর্তব্যবোধের অনবদ্য স্বাক্ষর রেখেছেন। পুলিশ প্রশাসন তাদের পরিবারের পাশে রয়েছে। আর সম্ভাব্য সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে।
দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আইজিপি নিহত পুলিশ সদস্যদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।