Sylhet Today 24 PRINT

হামলায় ইন্ধন যুগিয়েছেন স্থানীয় সাংসদ, অভিযোগ সাঁওতালদের

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৬

গাইবান্ধায় সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলা ও ভাংচুরের পেছনে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের লোকজন।

রোববার (১৩ নভেম্বর) রংপুর বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গির্জার সামনে আয়োজিত এক সমাবেশে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা এ অভিযোগ করেন।

সমাবেশে সাঁওতালদের পক্ষে বক্তৃতা দেন রুমিলা হেমব্রম, মিনা মাড্ডি, মেথিয়াস মাড্ডি, বার্না দাস টুডু ও শ্যামল মার্ডি। তাঁরা বলেন, চিনিকলের সঙ্গে জমি নিয়ে যে বিরোধ, এই বিরোধ মেটানোর জন্য আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় আমরা চার বছর আগে এই আন্দোলন শুরু করি। এখন তাঁরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সহিংস ঘটনার ইন্ধন জুগিয়েছেন। আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছেন। সহিংস ঘটনায় আমাদের লোক মারা গেছেন। তাঁরা আমাদের নামে মামলা করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আমাদের বাপ-দাদার জমি ফেরত দেওয়ার দাবি জানাই।

এ অভিযোগের পর সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতারা বলেন, এই সহিংস ঘটনায় যাঁরা ইন্ধন জুগিয়েছেন, তাঁরা যে দলেরই লোক হোক না কেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধিদলে ছিলেন মোজাম্মেল হকের সঙ্গে ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, টিপু মুনশি, সুজিত রায় নন্দী ও উম্মে কুলসুম।

পরে আওয়ামী লীগ নেতারা বলেন, আমরা ঘটনাস্থলে এসে সরেজমিন ঘুরেছি। সাঁওতালদের ঘরে ঘরে গিয়ে তাঁদের কাছ থেকে ওই দিনের সহিংস ঘটনার খবর জানতে পেরেছি। আমরা এর প্রকৃত বিচার করব বলে আশা করি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.