Sylhet Today 24 PRINT

সেনা বিদ্রোহের উসকানি: মান্নার জামিন আপিল বিভাগে স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৬

হাইকোর্টে জামিন পেলেও আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে সেনা বিদ্রোহের উসকানি  দেওয়ার অভিযোগের মামলায় কারাগারে থাকা নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন।

 রাজধানীর গুলশান থানায় করা ওই মামলায় ২৭ নভেম্বর পর্যন্ত জামিন স্থগিত করে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

সোমবার (১৪ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ১০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলায় মান্নাকে জামিন দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। গতকাল রোববার চেম্বার বিচারপতি আবেদনটি নিয়মিত বেঞ্চে আজ শুনানির জন্য পাঠান।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান।

প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলি আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। এই দুই মামলায় ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে স্বাস্থ্যগত যুক্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেন মান্না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.