Sylhet Today 24 PRINT

সরকারের ত্রাণ নিলেন না সাঁওতালরা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রশাসনের ত্রাণ গ্রহণ করেনি সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর গ্রামের সাঁওতাল সম্প্রদায়। আজ ১৪ নভেম্বর সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান সহিংস হামলার শিকার সাঁওতাল সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করতে গেলে ওই সম্প্রদায়ের লোকজন তা ফিরিয়ে দেন।

এ বিষয়ে ইউএনও আবদুল হান্নান বলেন, সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্ত সাঁওতাল সম্প্রদায়ের মাঝে ত্রাণ দিতে মাদারপুর গির্জার সামনে অপেক্ষা করেছি। তাদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ নেওয়ার জন্য জানিয়েছি। কিন্তু তারা কেউ ত্রাণ নিতে রাজি হননি।

তিনি আরও বলেন, আজ সাঁওতাল সম্প্রদায়ের ১৫০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি লবণ ও দুটি কম্বল বিতরণের কথা ছিল।

ত্রাণ না নেওয়ার কারণ হিসেবে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে সাংবাদিকদের বলেন, প্রশাসন একমুখে দুই কথা বলছে। তারা একদিকে ত্রাণ দিতে চাইছে, অন্যদিকে তারকাঁটার বেড়া দিয়ে আমাদের জমি নষ্ট করছে। তাই আমরা প্রশাসনের কোনও ত্রাণ নিইনি।

এ সময় সাঁওতালদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, প্রশাসন নানা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু বাস্তবে কোনও কাজ হচ্ছে না। এ ছাড়া ঘটনার নয় দিনেও সাঁওতালদের ঘরে আগুন, বসতবাড়িতে লুটপাট ও সাঁওতাল হত্যার ঘটনায় মামলা ও তদন্ত কমিটি হয়নি। আমরা এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনের কোনও ত্রাণসহায়তা নেব না।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সাঁওতাল নিহত হয়েছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.