সিলেটটুডে ডেস্ক | ১৫ নভেম্বর, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ নিয়ে হামলার ঘটনায় দায়ের করা পৃথক ৫টি মামলায় মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর ৬ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩০ অক্টোবর ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা চালায় একদল লোক। এর কয়েকদিন পর আবার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।