সিলেটটুডে ডেস্ক | ১৬ নভেম্বর, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রতিক সময়ে ১০টি মন্দিরে হামলা চালিয়ে ভেঙে ফেলা প্রতিমাগুলো চোখের জলে বিসর্জন দিলেন হিন্দু ধর্মাবলম্বীরা।
গত ৩০ অক্টোবর প্রতিমা ভাঙচুরের ১৮ দিন পর আজ বুধবার (১৬ নভেম্বর) প্রতিমাগুলো বিসর্জন দিলেন ভক্তরা।
প্রতিমাগুলো বিসর্জনের আগে তারা স্রষ্টার কাছে প্রার্থনা করেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। হিন্দু-মুসলিম সম্প্রীতি যেন সবসময় বজায় থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর শাহবাগ মোড় থেকে ১৮ নভেম্বর (শুক্রবার) নাসিরনগরে লং মার্চ আসবে। তাই ওপর মহলের নির্দেশে স্থানীয় প্রশাসনের লোকজন তড়িঘড়ি করে মন্দিরের লোকজনের সঙ্গে কথা বলে কৌশলে মন্দির থেকে মূর্তিগুলো বির্সজনের ব্যবস্থা করে। বিসর্জনের সময় নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় থানার ওসি উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী বলেন, "মন্দির কমিটি এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে তাদের চিরায়িত প্রথা মেনে বিধ্বস্ত প্রতিমাগুলো বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
উল্লেখ্য, স্থানীয় রসরাজ দাস নামক এক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে গত ৩০ অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নমো শুদ্রপাড়া, দাস পাড়া, ঘোষপাড়া, ঠাকুর পাড়া, গাঙ্কুল পাড়াসহ বিভিন্ন পাড়ায় হামলা চালিয়ে ১০টি মন্দির এবং শতাধিক হিন্দু বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট করা হয়। এ ঘটনায় নাসিরনগর থানায় মোট ৬টি মামলা করা হয়। এখন পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।