Sylhet Today 24 PRINT

অবশেষে ত্রাণ সহায়তা নিলেন গৃহহীন সাঁওতালরা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া ত্রাণ ফিরিয়ে দিলেও প্রধানমন্ত্রীর তরফ থেকে পাঠানো ত্রাণ গ্রহণ করেছেন গাইবান্ধার হামলার শিকার হয়ে গৃহহীন সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া এ ত্রাণ বুধবার দুপুর দেড়টার দিকে গ্রহণ করেন তাঁরা।

এর আগে গত সোমবার তাঁদের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান ত্রাণ নিয়ে গেলে তা প্রত্যাখ্যান করে সাঁওতালরা অভিযোগ করে বলেন যে ইউএনওর নির্দেশে গুলি করে মানুষ মেরে ফেলা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে, তাদের হাত দিয়ে মশকরা করার মতো করে দেয়া ত্রাণ নিবেন না।

১৫০ টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো পরিবারপ্রতি ২০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবন ও দুটি করে কম্বল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বড়য়পুর গ্রামের পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ ত্রাণ সহায়তা নিয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক।

এ ব্যাপারে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে বলেন, ‘আমাদের সঙ্গে সরকারের কথা হয়েছে। সেখানে সরকারের লোকজন আমাদের পুনর্বাসনের ও হয়রানি না করার আশ্বাস দিয়েছেন। এরপর ত্রাণ গ্রহণ করার সিদ্ধান্ত হয়।’ এর আগে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে সাথেও বৈঠক করে সাঁওতালদের প্রতিনিধিরা।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জে চিনিকলের জায়গা পুনরুদ্ধারের নামে সাঁওতালদের বসতিতে হামলা চালায় পুলিশ। এতে ৩ সাঁওতাল নিহত হন এছাড়াও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সাঁওতালদের উপর পুলিশের এ হামলার ঘটনায় দেশব্যাপী চলছে প্রতিবাদ, এর ফলে সরকারের উর্ধ্বতন মন্ত্রী ও প্রধানমন্ত্রীও সাঁওতালদের পুণর্বাসনসহ সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.