Sylhet Today 24 PRINT

সাঁওতাল উচ্ছেদে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কেনো জানতে হাইকোর্টে রিট

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

কোন কর্তৃত্ববলে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানতে রুল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এছাড়াও গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের জানমাল রক্ষা, নিরাপত্তা, ক্ষতিপূরণ, স্বাধীনভাবে চলা-ফেরার সুযোগ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয় এ রিট আবেদনে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), ব্রতী সমাজ কল্যাণ সংস্থার পক্ষে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। আবেদনকারীদের আইনজীবী জেড আই খান পান্না ও কুমার দেবুল দে জানিয়েছেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে আবেদনটি শুনানির জন‌্য তোলা হবে।

এ রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, জন প্রশাসন সচিব, শিল্প সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের রংপুর রেঞ্জের উপ মহাপরির্শক, গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, গোবিন্দগঞ্জ থানার ওসি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান, রংপুর সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাহেবগঞ্জ সুগার কেইন ফার্মের উপ মহাব্যবস্থাপককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদন দাখিলের পর জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, “রিটে সাঁওতালদের জানমাল রক্ষায় নির্দেশনা চাওয়ার পাশাপাশি তাদের ওপর হামলা, প্রাণহানী ও উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।”

উল্লেখ্য রংপুর চিনিকল কর্তৃপক্ষের নামে ১৯৬২ সালে অধিগ্রহণ করা গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি, যা মূলত সাঁওতালদের ভূমি, তা পুণরায় দখল পেতে দীর্ঘদিন থেকেই সাঁওতালরা আন্দোলন করছেন। এর মধ্যে সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমিনে কয়েকশত সাঁওতালরা ঘর তুলে বসবাস করতে থাকলে গত ৬ নভেম্বর উচ্ছেদের নামে সাঁওতালদের উপর হামলা চালায় পুলিশ। এ সময় সংঘর্ষে ৩ সাঁওতাল নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.