Sylhet Today 24 PRINT

শাহবাগ-কাঁটাবন সড়কের নাম হবে ‘শহীদ দীপন সরণি’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

রাজধানীর শাহাবাগ-কাঁটাবন সড়কের নাম হবে 'শহীদ দীপন স্মারণি'। এমন আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

দীপন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ গত সোমবার মেয়রের সাথে দেখা করে এ প্রস্তাব দিলে মেয়র তা মেনে নিয়ে শাহাবাগ-কাঁটাবন সড়কের নাম 'শহীদ দীপন স্মারণি' করার আশ্বাস দেন।

দীপন সংসদের সভাপতি অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে দেখা করে শাহবাগ থেকে কাঁটাবন পর্যন্ত রাস্তাটিকে “শহীদ দীপন সরণি” করার জন্য মেয়রকে স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সিটি করপোরেশনের আগামী বোর্ড সভাতেই বিষয়টি অনুমোদন করিয়ে দ্রুত এটি তিনি বাস্তবায়ন করবেন। আমরা মনে করি, এর মাধ্যমে দীপনকে সম্মান জানানো হবে।’

মেয়রের সাথে সাক্ষাতকালে আবুল বারকাত ছাড়াও দীপন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তাঁর স্ত্রী রাজিয়া রহমানসহ সংগঠনের অন্য নেতারা সেখানে ছিলেন। তাঁরা রাস্তাটি দীপনের নামে করার জন্য একটি স্মারকলিপিও দেন মেয়রকে।

গত বছরের ৩১ অক্টোবর বিকেলে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে।

একই দিন লালমাটিয়ায় আরেকটি প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

সূত্র : প্রথম আলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.