Sylhet Today 24 PRINT

নাসিরনগরে আবারও হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফের হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় নাছিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের উপজেলা সদরের গার্লস স্কুল সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এরআগে আরেকবার অঞ্জন দেবের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিলো।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের পর বুধবার তৃতীয় দফা কোনো হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

অঞ্জন দেব বলেন, বাড়ির একটি গোয়াল ঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে গোয়াল ঘরের একটি অংশ পুড়ে গেছে। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “দুর্বৃত্তরা খালি গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।”

গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ১৫টি মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের চার দিন পর একবার অঞ্জন দেবের বাড়ির উঠানে রাখা পাটকাঠিতে আগুন দেওয়া হয়েছিল।

নাসিরনগরের ঘটনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে ১৩ নভেম্বর ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে আগুন দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.