Sylhet Today 24 PRINT

আমার ‘রাবিশ’ শব্দটি পাকিস্তানের ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

আমি যে ‘রাবিশ’ শব্দটি বলি- এটা পাকিস্তানের ক্ষেত্রে শতভাগ প্রযোজ্য, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশের কাছে পাকিস্তানের ৭০০ কোটি টাকা পাওনার দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মুহিত। তিনি বলেন, ‘তাদের এ দাবি টোটালি রাবিশ; এ দাবি ননসেন্স।’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, পাকিস্তান বাংলাদেশের কাছে ৭০০ কোটি টাকা পাওনা বলে পাকিস্তান সরকারের বরাত দিয়ে ওই দেশের একটি পত্রিকা খবর প্রকাশ করে। ওই পত্রিকার বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম ওই খবর প্রকাশ করে।

পাকিস্তান সরকারের এ দাবির প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ওরা কিসের টাকা পাবে? আমরাই তো ওদের কাছে টাকা পাবো। তাদের এ দাবি টোটালি রাবিশ, ননসেন্স।’

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে তুলনা করার মতো পর্যায়ে এখন আমরা নেই। আমরা এখন অনেক ক্ষেত্রেই পাকিস্তানকে ছাড়িয়ে এগিয়ে গেছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.