Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদ ঠেকাতে ইমাম ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকদের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৬

মসজিদের ইমাম ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকরা যাতে জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো বক্তব্য দিতে না পারেন, সে লক্ষ্যে তাদের প্রতি নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজের পূর্বে ইমামদের মাধ্যমে মসজিদে জঙ্গিবাদবিরোধী বক্তব্য প্রদানের সুপারিশও করেছে কমিটি।

বৈঠকে কমিটি মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা সৃষ্টিসহ উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ ও যথাযথভাবে বাস্তবায়ন করার প্রস্তাব দেয়। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, বিজ্ঞাপন চিত্র, ভিডিও শো ইত্যাদি তৈরি করে গণমাধ্যমে প্রচার করার সুপারিশ করা হয়।

কমিটি মাদক নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার, মাদকপ্রবণ এলাকায় ডোপ টেস্ট ল্যাবরেটরি স্থাপন, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে এবং কোনও অফিস-আদালতে নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করার সুপারিশও করে। এছাড়া, সরকারি হাসপাতালগুলোতে মাদকাসক্তদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড খোলার কথা বলা হয়।

স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. মোজম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.