Sylhet Today 24 PRINT

রাজধানীতে ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৬

রাজধানীতে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই করার সময় এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) ভোরে হোটেল সোনারগাঁও মোড়ে এ ছিনতাই ও আটকের ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর লালবাগ কেল্লা মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে শুক্রবার ভোরে ভ্যানে চড়ে ফিরছিলেন ব্যবসায়ী আবদুল বাসির। তাঁর গন্তব্য ছিল তেজগাঁও স্টেশন রোডের আড়ত। হোটেল সোনারগাঁও মোড়ে আসতেই একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো ল ২৭-৪৭৪৩) চড়ে আসা দুই আরোহী তাঁর পথরোধ করেন। মোটরসাইকেলের নম্বর প্লেটের জায়গায় ইংরেজিতে ‘পুলিশ’ লেখা ছিলো। আরোহী দুজনের গায়েও ছিলো পুলিশের পোশাক। এ সময় আবদুল বাসিরের কাছে থাকা ৪৪ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। তবে বাসির মোটরসাইকেলসহ একজনকে জাপটে ধরে ফেলেন। অন্যজন পালিয়ে যান। এ সময় কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, আটক ওই ব্যক্তি নিজেকে লতিফুজ্জামান বলে পরিচয় দেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলায়। তিনি ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) কনস্টেবল পদে চাকরি করেন বলে দাবি করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আটক ওই ব্যক্তি ট্রাফিক উত্তরের একজন কনস্টেবল।

ব্যবসায়ী আবদুল বাসির জানান, মোটরসাইকেলে চড়ে আসা দুজনের পুলিশের পোশাক পরা থাকলেও কোনো নেমপ্লেট ছিল না। ভ্যানের আছে এসে মোটরসাইকেল আরোহীদের একজন বাসিরের কাছে গাঁজা আছে কি না জানতে চান। তারপর আর কি আছে জানতে চান। জবাবে বাসির তাঁদের জানান, ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে। সাথে সাথে ওই টাকা ছিনিয়ে নেন মোটরসাইকেল আরোহীদের একজন। তবে বাসির জাপটে ধরে ফেলেন তাঁকে।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করবেন বলে জানান ব্যবসায়ী আবদুল বাসির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.