Sylhet Today 24 PRINT

পুলিশের বাধায় নাসিরনগর অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

পুলিশের বাধার কারণে ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর অভিমুখী লং মার্চ স্থগিত করেছে মাইনোরিটি রাইটস মুভমেন্টের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে লং মার্চ নিয়ে নাসিরনগর যাওয়ার কথা ছিলো শিক্ষার্থীদের।

তবে পুলিশ দাবি করেছে, শিক্ষার্থীদের লং মার্চ স্থগিত হওয়ার কারণ জানেন না তারা।

জানা যায়, শুক্রবার সকালে লং মার্চের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনার পর্যন্ত যান শিক্ষার্থীরা। সেখানে তাদের বহনকারী বাস আটকে দেয় পুলিশ। কয়েক ঘণ্টা পুলিশের সাথে বাকবিতণ্ডা করেও পুলিশের অনুমতি না পেয়ে ফিরে যান শিক্ষার্থীরা। পরে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে পুলিশ বাস নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় তারা লং মার্চ স্থগিত ঘোষণা করেন।

মাইনোরিটি রাইটস মুভমেন্টের সমন্বয়ক মানিক রক্ষিত জানান, "আমরা লং মার্চের জন্য তিনটি মাইক্রো ও একটি বাস নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তিনটি মাইক্রো নিয়ে যাওয়ার অনুমতি দিলেও বাসটি নেওয়ার অনুমতি দেয়নি।"

তিনি আরও জানান, "আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সহায়তা নিয়ে ১ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করেছিলাম। সবাই চেয়েছে সেখানে (নাসিরনগর) গিয়ে তাদের পাশে দাঁড়াতে। কিন্তু বাসটি যেতে না দেওয়ায় তাদের নাসিরগর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।"

এ বিষয়ে রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, "আমরাই তো মাইক্রো ঠিক করে দিলাম। তাহলে কিভাবে অনুমতি দিলাম না? তারা কেন স্থগিত করলো এটা তাদের সমস্যা।"

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর নাসিরনগরে হামলার প্রতিবাদে শাহবাগে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকেই ১৮ নভেম্বর ক্ষতিগ্রস্থদের সহায়তা দিতে নাসিরনগর অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.