সিলেটটুডে ডেস্ক | ১৯ নভেম্বর, ২০১৬
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, হত্যা, ঘরে আগুন ও লুটপাটের ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার তরফকামাল গ্রামের সরোয়ার হোসেন (৪১) ও একই গ্রামের আকবর আলী (৫০)। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার ১১ দিন পর গত বুধবার রাতে সাঁওতালদের মামলা নেয় পুলিশ। সাঁওতালদের পক্ষে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে এই মামলা করেন। এই মামলায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। আহত হন পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন।