Sylhet Today 24 PRINT

আইভীর পক্ষে মাঠে নামার ‘প্রতিশ্রুতি’ শামীম ওসমানের

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০১৬

একই দলের হলেও তাদের দু'জনের বিরোধ দেশব্যাপীই আলোচিত। তবে সকল বিভেদ ভুলে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভীর পক্ষে মাঠে নামবেন শামীম ওসমান।

মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন আলোচিত-সমালোচিত শামীম ওসমান। বৈঠক শেষে এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী- দু'জনই উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‍“আজকে আমাদের পার্টির মনোনীত প্রার্থী আইভী ও নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক হয়, শামীম ওসমানও তাতে ছিলেন।

“আমরা একমত হয়েছি যে, আমাদের দলীয় প্রার্থীকে নির্বাচনে জেতানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই।”

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে প্রার্থী করেছে বর্তমান মেয়র আইভীকে।

গত বারের নির্বাচনে শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবং দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী।

সংসদ সদস‌্য শামীম ওসমান ও মেয়র আইভী বরাবরই স্থানীয় রাজনীতিতে পরস্পরের প্রতিপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.