Sylhet Today 24 PRINT

জামিনে মুক্তি পেলেন মাহমুদুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

এর আগে বুধবার সকালে কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র ইতোমধ্যে কারাগারে পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ সেটি যাচাই-বাছাই করে দেখছে। কাগজপত্র সঠিক থাকলে আজই জামিনে মুক্তি পাবেন তিনি।

জামিনের কাগজপত্র যাচাই করে আজ দুপুরে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিএনপির নেতারা কারাফটকে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম স্কাইপেতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক বিচারকের কথিত কথোপকথন পত্রিকায় প্রকাশের অভিযোগে ২০১২ সালের ১৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে মামলা করা হয়।

২০১৩ সালের ১১ এপ্রিল এই মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.