Sylhet Today 24 PRINT

হাতকড়া পরতে রাগীব আলীর আপত্তি!

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৬

বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে হস্তান্তরকালে পুলিশ রাগীব আলীকে হাতকড়া পরায়। এ সময় তিনি পুলিশকে হাতকড়া না পরানোর জন্য অনুরোধ করেন। হস্তান্তরকালে উপস্থিত একাধিক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় ধারণকৃত ভিডিও ফুটেজেও রাগীব আলীকে হাতকড়া পড়তে অস্বীকৃতি জানাতে দেখা যায়।

ভারতের করিমগঞ্জে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সিলেটের কথিত দানবীর ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাগীব আলীকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারত।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী জানান, দুপুরে আসামের পুলিশ ও বিএসএফ ভারতে আটক রাগীব আলীকে বিজিবি'র কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি রাগীব আলীকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি জানান, রাগীব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিশ্বনাথ থানায় হওয়ার কারণে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বিয়ানীবাজার থানা পুলিশ। এরপর রাগীব আলীকে আদালতে নেয়া হবে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশনে গেলে কর্তব্যরতরা ভিসার মেয়াদ নেই এই মর্মে তাকে আটক করেন। এরপর নানা আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে করিমগঞ্জ-জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠাতে পারেনি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। করিমগঞ্জের পুলিশ সুপার পি.আর কর জানান, রাগীব আলীর ভিসার মেয়াদ মাত্র দু’দিন আগেই শেষ হয়।

সূত্র জানায়, রাগীব আলীকে বাংলাদেশে প্রেরণে সবচেয়ে বেশী আগ্রহ দেখায় করিমগঞ্জ পুলিশ। সেখানকার ইমিগ্রেশনে রাগীব আলীর উপস্থিতির সময় ৫-৬ জন ভারতীয় ইমিগ্রেশন আইনজীবী তার সাথে ছিলেন। মূলত ঐ আইনজীবীগণ ইমিগ্রেশন আইনের নানা বিষয় তুলে ধরে তাকে বাংলাদেশে পাঠাতে সেখানকার পুলিশকে অনুরোধ করেন।

করিমগঞ্জের পুলিশ সুপার পি.আর করের নেতৃত্বে বিএসএফ এবং বিপুল সংখ্যক পুলিশ তাকে নিয়ে নো-ম্যান্স ল্যান্ডে আসে। এখানে কয়েক মিনিটের পতাকা বৈঠক শেষে বেলা ২টা ৪০ মিনিটে তাকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ও বিজিবি’র একটি প্রতিনিধি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে গোপনে সপরিবারে ভারত পালিয়ে যান তিনি। ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতে পালিয়ে যাওয়ার সাড়ে ৩ মাস পর আটক হলেন সিলেটের কথিত দানবীর রাগীব আলী। ১২ নভেম্বর সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেপ্তার করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। আব্দুল হাই বর্তমানে কারাগারে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.