Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে এবং সুবিধাজনক সময়ে তাদের ফেরত পাঠানো হবে। ‘বিভিন্ন প্রতিকূলতার পরও যারা এসে পড়ছেন, তাঁরা তো মানুষ। আমরা যতদিন পারি তাঁদের রাখব। তারপর তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা মিয়ানমারকে জানাব। তারা নিশ্চয় এটার ব্যবস্থা করবে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট সহিংসতার ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানো হচ্ছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ বন্দর রেস্টহাউস প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক। অনুপ্রবেশের চেষ্টার সময় যেসব রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তাদের মানবিক সহায়তা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। মিয়ানমারে সহিংসতা বন্ধ হলে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজিবি মহাপরিচালকআবুল হোসেন আরো জানান, রাখাইন প্রদেশ থেকে বৈধ পাসপোর্টবিহীন কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ৪১ রোহিঙ্গাকে আটকের পর নিজেদের দেশে ফেরত পাঠানো হয়। এ ছাড়া নাফ নদ থেকে রোহিঙ্গাবাহী চার নৌকা ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির মহাপরিচালক জানান, সীমান্তে টহল জোরদার করার জন্য অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির কড়া নজরদারি সত্ত্বেও দালালদের সহায়তায় সীমান্তের ফাঁকফোকর দিয়ে কিছু রোহিঙ্গা এ দেশে প্রবেশ করেছে। এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.