Sylhet Today 24 PRINT

আনসারুল্লাহ প্রধান মুফতি জসিমের বিচার শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৬

রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা করা হয়েছে আগামী ৪ জানুয়ারি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে ডিবি পুলিশের পরিদর্শক নিবারন চন্দ্র বর্মন বাদী হয়ে মামলাটি করেন। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাইদুল ইসলাম, আবু হানিফ, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, নাইমুল হাসান, জম্মুন, পিয়াস, আমিনুল ইসলাম ও আলি আজাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.