Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার আহ্বান খালেদা জিয়ার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৬

মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২৭ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান।

বিবৃতিতে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশ ও মুসলিম বিশ্বের প্রতিও একই আহ্বান জানিয়েছেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হত্যাযজ্ঞ ও বর্বরতা সব সময়ই নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে স্পর্শ করেছে। ঘনবসতিপূর্ণ এবং লোকসংখ্যার অনুপাতে বাসযোগ্য জমির ক্রমসংকোচনের এ দেশে এখনো অনেক রোহিঙ্গা শরণার্থী আগে থেকেই আশ্রয় নিয়ে আছে। এতে আমাদের সামাজিক অনেক সমস্যাও ভোগ করতে হচ্ছে। তা সত্ত্বেও গণহত্যার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনকারী জাতি হিসেবে জীবন রক্ষায় আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কারণে যত দূর সম্ভব আশ্রয় দেওয়ার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মিয়ানমারের নেত্রী অং সান সু চির কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, 'দুঃখের বিষয় হচ্ছে, কোনো সামরিক জান্তা নয়, শা‌ন্তিতে নোবেল বিজয়ী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বে পরিচালিত মিয়ানমারের প্রশাসনই এ অমানবিক সন্ত্রাসী কার্যকলাপের হোতা; যিনি নিজে দীর্ঘকাল নির্যাতিত হয়েছেন।

খালেদা জিয়া অবিলম্বে এই ‘জেনোসাইড’ বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.