Sylhet Today 24 PRINT

আশখাবাদে প্রধানমন্ত্রীর ৪ ঘণ্টা অপেক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৬

তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ বিমানবন্দরে ৪ ঘণ্টা অপেক্ষার পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পথে রওয়ানা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানটি ত্রুটি দেখা দেওয়ায় আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি।

রোববার সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটের দিকে তুর্কমেনিস্তান আশখাবাদ বিমানবন্দর থেকে থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ‘রাঙ্গা প্রভাত’ উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে নিয়ে সকাল ৯ টা ১৪ মিনিটের দিকে ঢাকা থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় দুপুর ২টা১৫ মিনিটের দিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অবতরণ করে। এই ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জনযাত্রী, ০৪ জনককপিট ক্রু, ২০ জন কেবিন ক্রু এবং ০৪ জন এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার ছিলেন। এয়ারক্রাফ্টটি আশখাবাদে অবতরণের পর ডিউটিরত ইঞ্জিনিয়াররা মেরামত করেন।

শাকিল মেরাজ বলেন, ‘ঢাকা থেকে লন্ডনগামী বিমানের অন্য একটি সিডিউল ফ্লাইট বিজি-০০১ ‘আকাশপ্রদীপ’কে যাত্রাপথ পরিবর্তন করে আশখাবাদে পাঠানো হয়। সেই বিমানটিও বাংলাদেশ সময় বিকেল ০৪ টা ১০ মিনিটে সেখানে অবতরণ করে। বিজি ০০১ ফ্লাইটকে ভিভিআইপি ফ্লাইটের ব্যাকআপ কভারেজ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে সেখানে পাঠানো হয়। তবে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট (বিজি ১০১১) ‘রাঙ্গা প্রভাত’-এর যান্ত্রিক ত্রুটি মেরামত করে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে আশখাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে। আশা করি, ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১১ টায় বুদাপেস্ট পৌঁছাবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর ও বিমানের জরুরি অবতরণ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটিতে ত্রুটির সংকেত পাওয়ায় পাইলট বিমানটিকে তুর্কমিনিস্তানের রাজধানী আসকাবাদে নিরাপদে অবতরণ করান। সেখানে প্রায় চার ঘণ্টা অবস্থান করার পর বাংলাদেশ সময় ৬টা ৪৪ মিনিটে বিমানটি আবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে রওনা করেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.