Sylhet Today 24 PRINT

ড. ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য তলব

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) এই দুইজনের ব্যাংক হিসাব তলব করেছে। ড. ইউনূসের সঙ্গে তার স্ত্রী আফরোজী ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এনবিআর দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে বলেছে, ট্যাক্স রিটার্নের সঙ্গে আয়-ব্যয়ের মিল আছে কিনা তা খতিয়ে দেখতে এই দুজনের ব্যাংকের সব তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ব্যাংক হিসাব ছাড়াও গ্রামীণ ব্যাংকের ব্যাংক হিসাবও তলব করেছে এনবিআর।

জানা যায়, গত সপ্তাহে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং এনবিআর পৃথকভাবে সব ব্যাংকে চিঠি দিয়ে ড. ইউনূস ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এনবিআরের চিঠিতে ড. ইউনূস ও তার স্ত্রীসহ গ্রামীণ ব্যাংকের নামে পরিচালিত এফডিআর, মেয়াদি আমানত, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ বিতরণের তথ্য, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার, ভল্ট এবং সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। শুরুর সময় থেকেই প্রতিষ্ঠানটির এমডির দায়িত্ব পালন করছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ২০১১ সালের মার্চে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ৭১ বছর বয়সে ড. ইউনূসকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক।

ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে শান্তি স্থাপন বিবেচনায় নোবেল পুরষ্কার দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.