Sylhet Today 24 PRINT

বর্ষবরণে যৌন হয়রানি : ফের পেছাল প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

বাংলা বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানি মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। 
  
নির্ধারিত দিনে সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলার প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়ে সময় আবেদন করে। 
  
ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের আবেদন গ্রহণ করে এ দিন ধার্য করেন। 
  
এ নিয়ে ১১ বার এই মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হল। 
  
গত বছরের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে আসা নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় যৌন হয়রানির শিকার হন। 
  
ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। 
  
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আটজনকে সনাক্তের পর তাদের ধরতে ছবি প্রকাশ করে পুরস্কারের ঘোষণা দেয় পুলিশ। 
  
এরপর ২০১৫ সালের ৯ ডিসেম্বর আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস। তিনি প্রতিবেদনে আসামিদের খুঁজে না পাওয়ার কথা জানান। 
  
ওই প্রতিবেদন গ্রহণ না করে মামলাটির পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.