Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি থেকে বাদ পড়তে পারে ৪টি বিষয়

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এসএসসি পরীক্ষায় চারটি বিষয় না রাখার ব্যাপারে আলোচনা চলছে।

সোমবার (২৮ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, সময় এবং শিক্ষার্থীদের ওপর চাপ কমানোর জন্য এসএসসি পর্যায়ে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা এবং ক্যারিয়ার শিক্ষা এই চারটি বিষয় পরীক্ষার অন্তর্ভুক্ত না রাখতে সুপারিশ করেছেন দেশের শিক্ষাবিদরা। একই সঙ্গে তাঁরা ২০১৯ সাল থেকে সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপ্রত্রের বিষয়েও সুপারিশ করেছেন। এসব সুপারিশ পর্যালোচনা করে দেখা হচ্ছে।

তিনি জানান, গত ২৫ ও ২৬ নভেম্বর কক্সবাজারে শিক্ষাবিদদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় তাঁরা এই সুপারিশগুলো করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, ড. মুহাম্মদ জাফর ইকবাল, রাশেদা কে চৌধুরী প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.