Sylhet Today 24 PRINT

বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধে আইনি নোটিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠিয়েছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পাঠানো এই আইনি নোটিশে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদেশি চ্যানেলে এসব বিজ্ঞাপন প্রচার বন্ধ না হলে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে।

তথ্যসচিব, বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ডিজি সাদু ব্রড ব্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর রেজিস্ট্রি ডাকে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ কেব্‌ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন পাস হয়। ওই আইনের ১৯(১৩) ধারায় বলা হয়েছে, বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা যাবে না। ওই ধারা লঙ্ঘন করলে শাস্তির বিধানও রয়েছে। এই আইনের ১৫ ধারা অনুসারে কোনো অনুষ্ঠান ১৯ ধারার পরিপন্থী হলে সরকার তাৎক্ষণিক বা যাচাই করে ওই চ্যানেলের বিপণন, প্রজ্ঞাপন ও সম্প্রচার সাময়িক বা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.