সিলেটটুডে ডেস্ক | ২৯ নভেম্বর, ২০১৬
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ মঙ্গলবার (২৯ নভেম্বর) এ রিটটি করেন।
রিট আবেদনে জেলা পরিষদ ২০০০ ও ২০১৬ (সংশোধিত) আইনের তিনটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে নির্বাচনের তফসিল স্থগিতের পাশাপাশি রুলও চাওয়া হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়েছে, জেলা পরিষদ আইনের ওই ধারাগুলো সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনে দায়িত্ব পালন করবেন। অথচ জেলা পরিষদ আইনে নির্বাচকমণ্ডলী গঠনের বিষয়ে বলা আছে।