Sylhet Today 24 PRINT

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফর শেষে আজ সকালে হাঙ্গেরি থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন, ২০১৬-এ যোগ দেন।

এটি ছিল বাংলাদেশি কোনো নেতার পূর্ব ইউরোপীয় দেশটিতে উচ্চপর্যায়ের সফর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায়) বুদাপেস্ট ফিরেন্স লিজট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেছে।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবু জাফর বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে হাঙ্গেরির সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা গত সোমবার দুদিনব্যাপী বুদাপেস্ট পানি (বিডব্লিউএস-২৯১৬) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

এ ছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকে এবং প্রেসিডেন্ট জানোস এডার আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

একই দিন প্রধানমন্ত্রী বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সম্মানে ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায়ও বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.