Sylhet Today 24 PRINT

৯ জানুয়ারি খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৬

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ৯টিসহ মোট ১০ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই ১০ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৯ জানুয়ারির দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁশুলি তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।

এর আগে খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবা আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতে হাজিরা দিতে গেছেন খালেদা। এ কারণে ১০টি মামলায় শুনানির তারিখ পেছানোর আবেদন করছেন তিনি।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে ১০টি মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি, দারুস সালাম থানায় নাশকতার মামলা ৮টি ও যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.