সিলেটটুডে ডেস্ক | ০১ ডিসেম্বর, ২০১৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "আমার সমালোচনা করা বন্ধ করবেন না। আপনাদের সমালোচনা মুখে পড়েই আমি এতো উন্নয়ন করেছি।"
বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৪ বছর পূর্তি অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, "আমি সড়ক নির্মাণ, কাঠামো উন্নয়ন ও মেরামতে যতটা সফল, সড়ক দুর্ঘটনা ঠেকানোর বিষয়ে ততটা সফলতা দাবি করতে পারি না। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।"
মন্ত্রী বলেন, "আমি এই সভা থেকে সারাদেশের চালকদের অনুরোধ করবো, তারা যেন খুব সচেতনতার সঙ্গে গাড়ি চালান। তাদেরকে বুঝতে হবে তাদের হাতে শত শত মানুষের জীবন।"
শীতের সময় কুয়াশার দিনে চালকদের গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৮০ কিলোমিটার রাখার অনুরোধ করে মন্ত্রী বলেন, "আমাদের দেশে দূরপাল্লার গাড়ি যাতায়াতে গতিসীমা নির্ধারণ করে দিয়েছি।"
এ সময় নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, "আমরা একখণ্ড জমির ব্যবস্থা করেছি, যেখানে একটি ইনস্টিটিউট হবে। ওই ইনস্টিটিউটে গাড়ি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নিসচার ভাইস চেয়ারম্যান রোটানিয়ান এহসানুক হক কামাল, অভিনেতা মিজু আহমেদ প্রমুখ।