Sylhet Today 24 PRINT

দেশে এসেছে লুই আই কানের মূল নকশা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

মার্কিন স্থাপত্যবিদ লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশার কপি আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারাল আর্কাইভ থেকে মূল নকশা দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্থাপত্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সম্প্রতি জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি নিয়ে প্রশ্ন তোলেন সরকারদলীয়রা। দাবি করা হয়, লুই আই কানের মূল নকশার ব্যত্যয় ঘটিয়ে সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। তাই এই সমাধি সরানোর দাবি তোলেন তারা। এরই ধারাবাহিকতায় এ নকশার মূল কপি আনানো হল।

প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই কান। বাংলাপিডিয়ার তথ্যানুযায়ী, ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গ্রহণ করা হয়। তৎকালীন সামরিক সরকার বর্তমান সংসদ ভবনটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।

তখনকার খ্যাতনামা স্থপতি লুই কান ভবন কমপ্লেক্সটির নকশা প্রণয়নের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন। তাকে সরাসরি কাজে নিযুক্ত না করে ভবনের প্রাথমিক নকশা প্রদানের জন্য বলা হয় এবং ১৯৬২ সালের মার্চ মাসে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব পান। ১৯৬১ সালে বর্তমান মানিক মিয়া অ্যাভিনিউয়ের উত্তর পাশে ২০৮ একর জমি পাকিস্তানের দ্বিতীয় রাজধানী প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয় এবং ১৯৬২ সালে মূল নকশা প্রস্তুত হয়।

১৯৬৪ সালে এক কোটি ৫০ লাখ ডলারের অনুমিত ব্যয় ধরে কমপ্লেক্সটির নির্মাণকাজ শুরু হয়। সমস্ত সুবিধাসহ ৩ কোটি ২০ লাখ ডলারের পরিবর্তিত ব্যয়ে কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ হয় ১৯৮২ সালে।

লুই কান পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে স্থাপত্যে গ্রাজুয়েশন করেন। ১৯৭৪ সালের ১৭ মার্চ ৭৩ বছর বয়সে লুই আই কান মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.