Sylhet Today 24 PRINT

সরকারের দালালির একটা সীমা আছে : সন্তু লারমা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

দীর্ঘ ১৯ বছরেও পার্বত্য শান্তিচুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ায় আরো একবার ক্ষোভ প্রকাশ করলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, চুক্তির পর ১৯ বছর অতিবাহিত হলো।

আমি মনে করি না, সরকার এটি আর বাস্তবায়ন করবে। এখানে স্বয়ং প্রধানমন্ত্রী এসেও যদি পার্বত্য চুক্তির বাস্তবায়নের কথা বলেন, আমি তার কথা বিশ্বাস রাখতে পারি না। কারণ সেই বিশ্বাস ও আস্থা হারিয়ে ফেলেছি।  

শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেএসএস এই আলোচনা সভার আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রামকে অতিমাত্রায় উপনিবেশে পরিণত করা হয়েছে মন্তব্য করে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আমরা খাঁচার মধ্যে বন্দি আছি। এখানে পুরোটাই সেনানিবাস। সেখানে সরকার-শাসক গোষ্ঠীর অবিশ্বাসের দৃষ্টি। সেখানে আছে লাঞ্চনা আর বঞ্চনা। সেই বাস্তবায়তায় চট্টগ্রাম জনসংহতি সমিতি আগেই পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছে। জনসংহতি সমিতি ঘোষিত ১০ দফা দাবির প্রত্যেকটাই বাস্তবায়নযোগ্য। এসব দাবি বাস্তবায়নে সরকার কী ভাষা প্রয়োগ করবে জানি না। এই কর্মসূচি বাস্তবায়নে সরকার যদি অস্ত্রের ভাষা প্রয়োগ করে, অন্তরালে তৎপর থাকে, তাহলে পার্বত্যাঞ্চলে বর্তমানে যে পরিস্থিতি আছে তা থাকতে পারে না, থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ’

তিনি আরো বলেন, ‘সরকার নিজেদের অস্তিত্ব রক্ষায় সত্যকে গোপন করে কথা বলছে। ১৯ বছর পূর্তিতে পত্রিকার ক্রোড়পত্রে প্রধানমন্ত্রী আজকে একটি বাণী দিয়েছেন। সেই বাণী পড়লে মনে হবে সুন্দর কথা বলেছেন। পার্বত্য চুক্তিতে জনসংহতি সমিতির পক্ষে আমি এবং সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষর করেছিলেন। তিনি প্রতি বছর দিবসটি বরিশালে পালন করেন। কিন্তু ১৯ বছরে চুক্তি বাস্তবায়নে আবুল হাসনাত আব্দুল্লাহর কোনো ভূমিকা নেই। ক্রোড়পত্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রানী রায় বাণী দিয়েছেন। চুক্তি সম্পর্কে তিনি যা লিখেছেন তা সরকারের কথা। উনার বয়স কত জানি না। চুক্তির বয়স ১৯ বছর হয়েছে। উনিশ বছর আগে উনি কোথায় ছিলেন জানি না, উনি পার্বত্য চুক্তি সম্পর্কে কতটুকু জানেন? রমা রানীর মতো দালালেরা সত্যকে আড়াল করছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সাহেবও দালালের দালালি করছেন। সরকারের দালালির একটা সীমা আছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সে সীমা অতিক্রম করেছেন। উনারা লজ্জিত হন না, উনাদের বাড়ি আবার পার্বত্য চট্টগ্রামে। ’

এ সময় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতির ঘোষণা করা ১০ দফা কর্মসূচিতে বাঁধা দেওয়া হলে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি যেভাবে আছে, সেভাবে আর থাকবে না বলেও হুঁশিয়ারি দেন সন্তু লারমা।

১০ দফা কর্মসূচিগুলো হলো- ১. হরতাল (তারিখ ঘোষিত হয়নি), ২. জলপথ, স্থলপথ, প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয় অবেরোধ, ৩. অর্থনৈতিক অবরোধ, ৪. জনগণ কর্তৃক সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস বর্জন, ৫. জনগণ কর্তৃক আদালত বর্জন, ৬. ছাত্র ধর্মঘট ও ক্লাস বর্জন, ৭. পর্যটন বর্জন ও অবৈধ পর্টন কেন্দ্র স্থাপন প্রতিরোধ, ৮. অবৈধভাবে জমি অধিগ্রহণ ও বেদখল প্রতিরোধ, ৯. পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী জুম্ম স্বার্থ পরিপন্থি কার্যক্রম প্রতিরোধ এবং ১০. পার্বতব্য চট্টগ্রাম চুক্তি বিরোধী জুম্ম রাজনৈতিক দালাল ও প্রতিক্রিয়াশীলদের সামাজিকভাবে বর্জন ও রাজনৈতিকভাবে প্রতিরোধ।

এ ছাড়াও আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের সদস্য ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক সিমন চিসিম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, দীপায়ন খীসা।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে আবদ্ধ হয় জনসংহতি সমিতির শান্তিবাহিনীর সদস্যরা। চুক্তির শর্ত অনুযায়ী তিন পার্বত্য জেলায় প্রায় দুই হাজার শান্তিবাহিনীর সদস্য অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সরকার তৎকালীন সময়ে অস্ত্র সমর্পণকৃত শান্তিবাহিনীর সদস্যদের আর্থিক সহযোগিতা এবং যোগ্যতা অনুযায়ী সরকারি বিভিন্ন বিভাগে চাকরি দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.