Sylhet Today 24 PRINT

মিয়ানমারের সন্ত্রাসীরা বাংলাদেশে আশ্রয় পাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০১৬

মিয়ানমারের কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক হাঙ্গেরি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর রাষ্ট্রিয়বাহিনী নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। নির্যাতিতদের অনেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এদের দেশে আশ্রয় দেওয়ার দাবিও ওঠেছে বিভিন্ন মহল থেকে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সেখানে ক্যাম্পে হামলা চালিয়ে নয়জনকে হত্যা করা হয়েছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশে এসে কেউ আশ্রয় পাবে না।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, সেখানেতো মানুষ কষ্টে আছে।

“কিন্তু এই যে নয় জন মানুষকে হত্যা করা হলো... আমি গোয়েন্দা সংস্থার লোকজনদের বলে দিয়েছি, তাদের কেউ যদি বাংলাদশে ঢুকে থাকে তাহলে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়।”

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান।

এরপর সহিংসতায় ৮৬ জনের মৃত‌্যুর খবর স্বীকার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। নিহতদের মধ‌্যে ৬৯ জনকে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী বলে দাবি করছে তারা।

তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে নিহতের সংখ‌্যা আরও বেশি হতে পারে।

সেনা অভিযানে রোহিঙ্গা নারীদের ধর্ষণ, ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং বেসামরিকদের হত‌্যার অভিযোগ করেছে সংগঠনগুলো, যদিও মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার তা অস্বীকার করেছে।

এ ঘটনার পর থেকে সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও তাদের দৃষ্টি এড়িয়ে অনেক রোহিঙ্গা ইতিমধ্যে এদেশে আশ্রয় নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.