সিলেটটুডে ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০১৬
মাথায় গুলি করে হত্যার পর দিনাজপুরে সড়কের ধারে ফেলে রাখা তিন যুবকই যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে জানিয়েছে তার সংগঠনের নেতারা। তাদের সবার বাড়িই নাটোরে। এই তিন জন হলেন সদর উপজেলার রেদোয়ান সাব্বির, সোহেল ওরফে সাগর ও আব্দুল্লাহ। এদের দুই জনের বিরুদ্ধে সন্ত্রাসের একাধিক মামলা আছে।
নাটোর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংবাদিকদের জানান, রেদোয়ান সাব্বির ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আর সোহেল ও আব্দুল্লাহ ছিলেন যুবলীগের কর্মী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিনজনের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ আছে। এদের মধ্যে সাব্বিরের বিরুদ্ধে হত্যাসহ ১২টি এবং সোহেলের বিরুদ্ধে তিনটি মামলা আছে। তবে আবদুল্লাহর বিরুদ্ধে কোনো মামলা নেই।
সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া- কলাবাড়ীর মাঝে মহাসড়কের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও পরে জানা যায় তিন জনের বাড়িই নাটোরে।
পরে নাটোর পুলিশের সঙ্গে যোগাযোগ করে দিনাজপুরের ঘোড়াঘাটের পুলিশ। এক পর্যায়ে তিন জনের রাজনৈতিক পরিচয় জানা যায়।
পুলিশ জানায়, গত শনিবার রাতে সদর উপজেলার তকিয়া বাজার এলাকায় যুবলীগ নেতা সাব্বির তার দুই বন্ধু আব্দুল্লাহ ও সোহেলকে নিয়ে চায়ের দোকানে ছিলেন। রাত ১১টার দিকে সেখানে দুইটি মাইক্রোবাসে করে তাদেরকে তুলে নিয়ে রাজশাহীর দিকে চলে যায় একদল দুর্বৃত্ত।
এরপর তাদের খোঁজ না পেয়ে সাব্বিরের মা রুখসানা বেগম রবিবার সকালে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কিন্তু তার আগেই সোমবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের সংবাদ প্রচার হয়।
সংবাদটি নাটোরে পৌছলে পরিবারে কান্নার রোল পড়ে যায়। ওই পরিবারের লোকজন লাশ আনতে দিনাজপুরের উদ্দেশে রওয়ানা হয়। দুপুরে নাটোর যুবলীগ সংবাদ সম্মেলন করে একে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করে খুনিদের বিচার দাবি করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, মরদেহ তিনটির সুরতহাল প্রতিবেদন শেষে থানায় নেয়া হয়েছে। এই যুবকদেরকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কারা এই কাজ করেছে, সে বিষয়ে এখনও ধারণা করতে পারছেন না বাহিনীটি। তাদের সঙ্গে কাদের বিরোধ ছিল-এসব বিষয়ে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।