Sylhet Today 24 PRINT

খালেদার প্রস্তাবনা নিয়ে বঙ্গভবনে রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৬

আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, কেমন হবে নির্বাচন কমিশন (ইসি), তা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বিস্তারিত প্রস্তাব রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে প্রস্তাবটির লিখিত কপি পৌঁছে দেয়।

চিকিৎসার কারণে রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় এ প্রস্তাব গ্রহণ করেন তাঁর সহকারী সামরিক সচিব।

প্রস্তাব জমা দিয়ে বের হয়ে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন কমিশন শক্তিশালী করার বিষয়ে যে ১৩ দফা প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবসংবলিত একটি মুদ্রিত কপি, এটা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করার বিষয়ে সেই আবেদনটি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই কপিটি এবং দলের মহাসচিবের আবেদন, সেটি আমরা সহকারী সামরিক সচিবের কাছে পৌঁছে দিয়েছি এবং তিনি সেটি গ্রহণ করেছেন।’

‘তিনি (সহকারী সামরিক সচিব) যেটি জানিয়েছেন যে মহামান্য রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার জন্য বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য। তিনি ফিরে আসবেন ১১ ডিসেম্বরে। এর পর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলবেন।’

এর আগে গত ১৮ নভেম্বর বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও অন্যান্য বিষয় নিয়ে তাঁর প্রস্তাব তুলে ধরেন।

তবে এ প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের কিছু বলার নেই জানিয়ে গত ৩ ডিসেম্বর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ নিয়ে রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.