Sylhet Today 24 PRINT

স্রোতের মতো আসার সুযোগ করে দিতে পারি না, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৬

মিয়ানমার থেকে স্রোতের মতো রোহিঙ্গাদের বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মিয়ানমার থেকে যারা সর্বহারা হয়ে চলে আসছে, যথাসম্ভব তাদের সাহায্য করছি। তাদের স্থান দেওয়া হচ্ছে। শিশুদের খাদ্য দেওয়া হচ্ছে। চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। তবে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা একেবারে দুয়ার খুলে দিয়ে স্রোতের মতো কাউকে আসার সুযোগ দিতে পারি না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশে একটি ঘটনা ঘটেছে। নয়জন বর্ডার পুলিশকে হত্যা করেছে। আর্মি ট্রাকে হামলা করেছে। তারপর এই ঘটনাটা ঘটেছে। যারা এই ধরনের ঘটনা ঘটালো, তাদের জন্য হাজার হাজার নারী-পুরুষ কষ্ট পাচ্ছে। এই অসহায় নারী-পুরুষের কোনও অপরাধ ছিল না। অপরাধ তাদের, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, যারা এই ধরনের অবস্থাটা তৈরি করেছে।’

বুধবার (৭ ডিসেম্বর) জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে জাতীয় পার্টির ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়ানমারের বর্ডার পুলিশ ও সেনাবাহিনার ওপর সন্ত্রাসীদের হামলার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেচন ‘এই হামলার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের কারণে হাজার হাজার মানুষ ভুক্তভোগী। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে, তারাই ওই দেশের ঘটনার জন্য দায়ী। যারা এসব ঘটনা সেখানে ঘটিয়েছে, তারা আমাদের এখানে কোথাও লুকিয়ে রয়েছে কিনা,  খুঁজে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের যখনই আমরা পাব, মিয়ানমার পুলিশের কাছে হস্তান্তর করব। তাদের কোনও স্থান এখানে হবে না।'

বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ প্রতিবেশী দেশের ওপর অঘটনা ঘটাবে, তা কোনও দিন মেনে নেওয়া হবেনা বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ‌্যে তিন মাসে আগে সেনা অভিযান শুরুর পর বহু রোহিঙ্গা আশ্রয় নিতে বাংলাদেশ সীমান্তে ভিড় করলেও প্রতিদিনই বিজিবি তাদের ফেরত পাঠাচ্ছে। রোহিঙ্গাদের ঢুকতে না দিতে বসানো হয়েছে কড়া পাহারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.