সিলেটটুডে ডেস্ক | ০৭ ডিসেম্বর, ২০১৬
ফাইল ছবি
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, মালয়েশিয়ায় ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি কর্মীদের নিয়মিত করতে সম্মত হয়েছে দেশটি।
বুধবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস নবরেগার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী প্রায় ২ লাখ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। খুব শিগগির তারা বৈধ অভিবাসীতে পরিণত হবেন।
তোফায়েল আহমেদ বলেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০১৬-এর উদ্বোধনে সেদেশে গিয়েছিলাম। সেখানে দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদির সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি আমাদের মানব সম্পদ বেশি বেশি আমদানি করার বিষয়ে আশ্বস্ত করেছেন। সে দেশে প্রায় দুই লাখ অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছেন। তাদের বৈধ করার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়ান সরকার।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। গত বছর বাংলাদেশ ৬ দশমিক ৫১ ভাগ জিডিপি অর্জন করেছে। গত ১০ বছরে গড় জিডিপি অর্জন ছিল ৬ ভাগ। চলতি বছর ৭ দশমিক ২ ভাগ অর্জিত হয়েছে। বাংলাদেশের রপ্তানি এখন ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে।