সিলেটটুডে ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০১৬
বারবার সময় দেওয়ার পরও অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা সরকার গেজেট আকারে প্রকাশ না করায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেছে সর্বোচ্চ আদালত।
ওই গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আরও সময় চাইল প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আট বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
বিচারক অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘আমরা লিখিত আদেশ দিচ্ছি না। আপনাকে মৌখিকভাবে বলছি, সোমবার সকাল ৯টায় দুই সচিবকে নিয়ে হাজির হবেন। এটা একটা বার্তা।’
আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বিদেশে থাকার কথা বলে সর্বশেষ ১ ডিসেম্বর গেজেট প্রকাশের জন্য আরও এক সপ্তাহ সময় নেয় রাষ্ট্রপক্ষ। ৭ ডিসেম্বরের মধ্যে গেজেট আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
৭ নভেম্বর আপিল বিভাগ নির্দেশ দিয়েছিলেন, ২৪ নভেম্বরের মধ্যে বিধিমালা গেজেট আকারে প্রণয়ন করতে হবে। এরপর আরও দুই দফায় সাত দিন করে দুই সপ্তাহ সময় দেওয়া হয় সরকারকে।