সিলেটটুডে ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০১৬
বেসরকারি অ্যাম্বুলেন্স পরিবহনে পুলিশ ও ডিউটি কর্মকর্তাদের হয়রানি বন্ধ না হলে আগামী পয়লা জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মো. মোমিন আলী বলেন, 'ঢাকা মহানগরে এ সমিতির অধীনে ৬০০ অ্যাম্বুলেন্স আছে। গত ১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চাপায় ছয়জনের প্রাণহানির ঘটনার পর থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক সার্জেন্টরা বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচলের সময় মালিক ও চালকদের নানা ভাবে হয়রানি করছেন।
তিনি দাবি করেন, অ্যাম্বুলেন্সে রোগী বা লাশ থাকা সত্ত্বেও গাড়ি আটক বা ডাম্পিং করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমিন স্বীকার করেন, অ্যাম্বুলেন্সে যে ধরনের সুবিধা রাখার শর্ত রয়েছে, বর্তমান বাজার মূল্য বিবেচনায় তাদের খরচ বেশি হয় বলে তাঁরা তা দিতে পারেন না। এ কারণেও তাঁদের বিরুদ্ধে মামলা বা জরিমানা করা হয়। অনেক সময় অ্যাম্বুলেন্সের নিয়ম অনুযায়ী সিট সংখ্যা বেশি থাকলেও জরিমানা গুনতে হয় তাঁদের।
অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবসাকে সম্পূর্ণ সেবামূলক ব্যবসা বলে ঘোষণা দেওয়ার দাবি জানান ন্সমিতির নেতারা। রোড পারমিট, বেশি সংখ্যক সিট ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সমস্যা দেখিয়ে তাদের যেন হয়রানি না করা হয়, সেই দাবিও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে আজ উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক লিটন খান, সহ সভাপতি মো. তাহের, প্রচার সম্পাদক মো. বাদল প্রমুখ।