Sylhet Today 24 PRINT

সিলেট ক্লাবসহ ১৩ ক্লাবে হাউজি-কার্ডে নিষেধাজ্ঞা বহাল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৬

সিলেট ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ রোববার পরবর্তী তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে ঢাকা ক্লাব কর্তৃপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি) করতে বলা হয়েছে।

গত রোববার হাইকোর্ট ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবসহ ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলার আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেন। এ আদেশ স্থগিত চেয়ে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ এক দিনের জন্য স্থগিত করে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এএফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন, ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব। ঢাকা ক্লাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

নিষেধাজ্ঞার মাধ্যমে ক্লাবগুলোকে এই কার্যক্রম থেকে বিরত রাখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ বিবাদীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোদোয়ান আহমেদ রানজিব বলেন, আদালত বলেছেন কোনো স্থগিতাদেশ থাকছে না। আগামী রোববার লিভ টু আপিলের ওপর শুনানি হবে। এই সময়ের মধ্যে ঢাকা ক্লাবকে লিভ টু আপিল করতে বলা হয়েছে। ফলে ১৩ ক্লাবে অর্থের বিনিময়ে ওই খেলায় হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা বহাল রয়েছে।

এই ১৩টি ক্লাব হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিজ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

প্রসঙ্গত, আইন অনুসরণ না করে এসব ক্লাবে জুয়া, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন আইনজীবী মো. সামিউল হক ও রোকন উদ্দিন মো. ফারুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.