Sylhet Today 24 PRINT

এখন ভাবতে হচ্ছে ছেলেদের সংখ্যা কিভাবে বাড়ানো যায় : প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৬

ফাইল ছবি

বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে এখন ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেন্ডার সমতা নিয়ে যারা কথা বলেন তাদের বলি, আমাদের দেশে ঘটনা কিন্তু উল্টো। স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। এখন ভাবতে হচ্ছে ছেলেদের সংখ্যাও আবার কিভাবে বাড়িয়ে তোলা যায়।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পগুলোতে বাধ্যতামূলক অগ্রাধিকার রয়েছে। এছাড়া এসএমই ফাউন্ডেশন থেকে সহজে লোন দেওয়া হচ্ছে, এতে তারা ব্যবসায়ও প্রসার ঘটাতে পারছেন।

প্রধানমন্ত্রী বলেন, একসময় সন্তানের নামের সাথে পরিচয় হিসাবে শুধু বাবার নাম লেখা হতো। পরে আমরা বাবার পাশাপাশি মায়ের নাম লেখার ব্যবস্থা করেছি।

এ সময় তিনি নারী উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন ও রোকেয়া পদক বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.