Sylhet Today 24 PRINT

বেগম রোকেয়া পদক পেলেন অ্যারোমা দত্ত ও বেগম নূরজাহান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৬

নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন সমাজকর্মী অ্যারোমা দত্ত ও শিক্ষিকা বেগম নূরজাহান।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ পদক প্রদান করেন।

তাদের প্রত্যেককে দুই লাখ টাকা এবং ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার পদক দেওয়া হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অ্যারোমা দত্ত ১৯৮০ সাল থেকে প্রত্যন্ত অঞ্চলে নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন। বর্তমানে তিনি বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক।

আর স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীন বাংলার পতাকা সেলাই করেন পিরোজপুরের মঠবাড়িয়ার বেগম নূরজাহান। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালনকারী এই নারী একসময় শিক্ষকতা করতেন।

নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.