Sylhet Today 24 PRINT

নাফ নদ থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৬

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় দুই নৌকাসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বিজিপি সদস্যরা টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন ঘটনাস্থল থেকে পালিয়ে আসা দুই জেলে ও তাদের পরিবার।

আটক জেলেরা হলেন- মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬), সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) এবং মো. সাদেক (১৭)। আর পালিয়ে আসা দুই জেলে হলেন- আবদুল আমিন (২০) ও নুর মোহাম্মদ (২৫)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকায়।

এর আগে গত ৩-১১ নভেম্বরের মধ্যে নাফ নদ থেকে ১২ জন ও ৭ ডিসেম্বর দুই জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় বিজিপি। তাদের এখনও ফেরত দেয়নি মিয়ানমার কর্তৃপক্ষ।

পালিয়ে আসা দুই জেলে জানান, সোমবার সকালে দুটি নৌকা নিয়ে তারা আট জন নাফ নদে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে অস্ত্রের মুখে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়ার সময় তারা দুজন নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন। সাঁতরে আসার সময় নদে মাছ শিকাররত জেলে আব্দুল আজিজ তাদের উদ্ধার করেন।

টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, ধরে নিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখে বিজিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। নাফ নদীতে বিঙ্গি জাল নিয়ে মাছ শিকার করতে নিষেধ করার পরও জেলেরা মিয়ানারের জলসীমানায় গিয়ে মাছ শিকার করছে। তাই বারবার এ ধরনের ঘটনা ঘটছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.