সিলেটটুডে ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৬
ছবিঃ ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "মৃত্যুকে আমি ভয় করি না। সপরিবারে জাতির জনককে হারানোর পর মৃত্যু আমাকে বহুবার তাড়া দিয়েছে। আমি মনে করি, মৃত্যু একটি স্বাভাবিক নিয়তি। কেউ তাকে অস্বীকার করতে পারে না। সুতরাং, মৃত্যুর ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারবে না। এ শক্তি এ দেশের জনগণ ও আওয়ামী লীগ থেকে পাই। ওরাই আমাকে বাঁচিয়ে রাখবে।"
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "যারা গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তাদের বিচার চলবে। যতই ষড়যন্ত্র আসুক, তাদের কেউ রক্ষা করতে পারবে না। কারণ, এটা ন্যায়ের পথ। ন্যায় ও সত্যের জয় সব সময় হয়, সব সময় হবে। এটাই আমরা বিশ্বাস করি।"
শেখ হাসিনা বলেন, "পাকিস্তানি হানাদার বাহিনী বলা যাবে না। পাকিস্তানিদের বিরুদ্ধে টুঁ শব্দ করা যাবে না। সেভাবে যেন রাষ্ট্র চলতে শুরু করল। আর সব দোষ কাদের? বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং স্বাধীনতা যাঁরা এনেছিলেন, তাঁরাই যেন দোষী। একটা প্রজন্মের পর প্রজন্ম আমাদের দেশের সেই গৌরবের ইতিহাসও জানতে পারেনি। একটি জাতি যখন তার ইতিহাস ভুলে যায়, তখন সে কিসের ভিত্তিতে এগোবে? মুখ ফুটে যে কেউ বলবে, তারও সুযোগ ছিল না। বলবে কীভাবে? দিনের পর দিন তো মার্শাল ল' থাকত। প্রতি রাতে কারফিউ। বলতে গেলে ১০টা বছর এ দেশের কারফিউ ছিল।"
তিনি বলেন, "আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। আর লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি। সেই চিন্তা করে দেশ পরিচালনা করছি বলেই এই উন্নয়ন করতে পারছি। ৭৫-এ যারা ক্ষমতায় এসেছিল, তাদের মাথায় এই চিন্তা ছিল না।"