Sylhet Today 24 PRINT

কোনো দলকে দাঁড়িপাল্লা প্রতীক না দিতে ইসিকে চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৬

দাঁড়িপাল্লা সুপ্রিমকোর্টের মনোগ্রাম হিসেবে ব্যবহৃত হওয়ায় তা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে ব্যবহার না করতে মত দেয়ার পর এবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিকাল সোয়া ৩টার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনের সচিব বরাবার পাঠানো হয়।

কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠিতে বলা হয়েছে। একই সঙ্গে ইতিমধ্যে কাউকে দাঁড়িপাল্লা প্রতীক দেয়া হলে তা বাতিল করতেও বলা হয়েছে।

হাইকোর্টের সিদ্ধান্ত অনুসারে নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই চিঠিতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

গত সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুল কোর্ট সভায় ওই সিদ্ধান্ত হয়।

জামায়াতে ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। একাত্তরে স্বাধীনতা বিরোধী অবস্থান ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এ দলকে অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে করা দলটির আপিল এখন শুনানির অপেক্ষায় আছে।

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.