Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ত্রুটি খতিয়ে দেখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মন্ত্রী রাশেদ খান মেননের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা।

এরপর বিকেল ৩টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, ৩টি তদন্ত কমিটি হয়েছিল। ৪৮ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় কমিটি। এতে তারা তাদের সুপারিশ ও অভিমত ব্যক্ত করেছেন। এই দুর্ঘটনা মানুষ সৃষ্ট। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৩টি তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানান মন্ত্রী।

প্রসঙ্গত, হাঙ্গেরি যাওয়ার পথে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি পর একই বিমানে সফরসঙ্গীদের নিয়ে বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী।

এ বিষয়টি খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল কর্মকর্তা ক্যাপ্টেন ফজলে মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি হয়। এ কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে মোট ৯ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) স্বপন কুমার সরকারকে আহ্বায়ক করে ৪ সদস্যের আরো একটি কমিটি করা হয়। এ কমিটিতে আরো ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) চৌধুরী এম জিয়াউল কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ইঞ্জিনিয়ারিং ও মেটারিয়াল ম্যানেজমেন্ট)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.