Sylhet Today 24 PRINT

ঢাকায় রুশনারা আলী

সিলেটটুডে ডেস্ক  |  ১৮ ডিসেম্বর, ২০১৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী এক সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব আবারও জোরালোভাবে তুলে ধরবেন এই সফরে। রোববার বাসসের খবরে এ কথা বলা হয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্যদূত হিসেবে এটিই রুশনারা আলীর প্রথম বাংলাদেশ সফর। তিনি তাঁর সফরের সময় বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, শিল্প ও বাণিজ্য নেতা, রাজনৈতিক নেতা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেন, ‘রুশনারা আলীর এই সফর বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগে প্রতিশ্রুতির একটি উল্লেখযোগ্য দিক।’ তিনি বলেন, ‘তাঁর এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আমাদের প্রতিশ্রুতির আলোচনার সুযোগ করে দিয়েছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের ব্যবসা-বাণিজ্যকে আরও শক্তিশালী করার পথকে উন্মুক্ত করবে।’

যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী দেশ।

যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক তৈরিতে ২০১২ সালে বাণিজ্যদূত কর্মসূচি শুরু হয়। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হয়, যেখানে যুক্তরাজ্য প্রধান বাজার খুঁজে পায়। এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বেতনভুক্ত নন। বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ২৪ জন পার্লামেন্ট সদস্য ৫০টি বিভিন্ন মার্কেটে (দেশে) কাজ করছেন। প্রত্যেক বাণিজ্যদূত তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সংশ্লিষ্ট সেক্টর ও দেশে তাঁদের জ্ঞানের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হন। এটি অগ্রাধিকার ভিত্তিতে মার্কেট ও সেক্টরে বাণিজ্য সম্প্রসারণে ওই দেশের সরকারের নতুন (হোল-অব-গভর্নমেন্ট) পদ্ধতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.