Sylhet Today 24 PRINT

বিএনপির প্রস্তাব নির্বাচন কমিশন গঠনে সহায়ক : রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিএনপির প্রস্তাব নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান। রাষ্ট্রপতি বলেন, আজকের আলোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্চ কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে বিএনপি যে প্রস্তাব দিয়েছে তা নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। তিনি এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি আরো বলেন, যে কোনো আলোচনা সমস্যা সমাধানে বহুমুখী পথ দেখায়।

আলোচনায় আমন্ত্রণ জানানোয় খালেদা জিয়া রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বাছাই কমিটি ও নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব তুলে ধরেন। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণের বিষয়েও তাঁদের প্রস্তাব তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিএনপির প্রতিনিধিদলটি এ সময় নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগের প্রশংসা করেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার কথা বলেন।

বিএনপির প্রতিনিধিদলের পাশাপাশি বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.