নিউজ ডেস্ক | ২০ এপ্রিল, ২০১৫
সিটি কর্পোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। এসব নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থি মনোনয়ন দেওয়া না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থিরা এসব নির্বাচনে দলীয়ভাবেই অংশগ্রহণ করে থাকেন। ফলে নির্দলীয় এসব নির্বাচনে দলীয় আমেজ ভালোভাবেই লক্ষ্য করা যায়।
সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ও পরিচয় ব্যবহারে বিধিনিষেধ সম্বলিত চারটি বিধি কেন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত।
সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কেন নিজস্ব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ ও ব্যবহারের সুযোগ দেওয়া হবে না- তাও জানতে চাওয়া হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল দেয়।
নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব ও আইন সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪১তম রাজনৈতিক দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এর নির্বাহী প্রধান মোহাম্মদ আমিনুর রহমান এই রিট আবেদন করেন।
তার পক্ষে আদালতে শুনানি করেন মো. উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
২০১০ সালের সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালার ৬ (২) (ঙ); ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার ৬ (২) (ঙ); পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালার ৬ (২) (ঙ) এবং ২০১৩ সালের উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার ৮ (৪) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এই আবেদন করা হয়।
আচরণ বিধিমালার ওই চার বিধিতে ভোটের প্রচারে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল বিলির বিষয়ে বিধিনিষেধের কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ছাড়া কোনো রাজনৈতিক দলের নাম বা প্রতীক বা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ব্যবহার করতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রার্থীরা ভোটের সময় দলীয় প্রতীকও ব্যবহার করতে পারেন না।
ওই চার বিধি কেন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চেয়েছেন হাই কোর্ট।